কুড়িগ্রাম সদর উপজেলায় হয়ে গেল নৌকাবাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রম এ খেলা দেখতে ভিড় জমিয়েছে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় ভিন্নধর্মী কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয়রা।
গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় প্রতি দলে প্রতিযোগীর সংখ্যা চার থেকে পাঁচজন। চার দিনের খেলা শেষে পঞ্চম দিন গতকাল বিকেলে ফাইনাল খেলার সুযোগ পায় গরিবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ পাঁচটি দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরিবের বন্ধু ভেলা দল। আয়োজকরা জানান, খেলায় প্রথম পুরস্কার দুটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি খাসি ও তৃতীয় পুরস্কার একটি রাজহাঁস বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
দর্শকরা জানান, নৌকাবাইচসহ জীবনে অনেক খেলা দেখলেও এই প্রথম কলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখে অভিভূত তারা। খেলা দেখতে আসা সাজু মিয়া বলেন, এরই মধ্যে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গ্রামীণ জনপদের হাডুডু, গরুর মইদৌড়সহ অনেক ঐতিহ্যবাহী খেলা। এ সময় নৌকাবাইচের মতোই কলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে।
সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, ‘আমিও খেলাটি দেখতে এসে অবাক হয়েছি। কেননা হাজার হাজার মানুষ আনন্দে-উল্লাসে কলাগাছের ভেলার খেলাটি দেখল। গ্রামাঞ্চলের মানুষের বিনোদনে এমন ব্যতিক্রমী খেলা আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।’
