বাড়িতে পুলিশ ঢুকতেই ‘ডাকাত’ বলে চিৎকার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও ফসলি জমি নষ্টের মামলায় আসামিদের গ্রেপ্তার করতে যায় পুলিশের ১০ সদস্যের একটি দল। আসামিদের বাড়িতে ঢুকতেই আসামিপক্ষের লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে ওঠেন। এ সময় তারা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে মারধর করতে উদ্যত হয়। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থল থেকে থানায় ফিরে যান পুলিশ সদস্যরা। এরপর আসামিপক্ষের লোকজন নিজেদের বাড়িঘর নিজেরাই ভাঙচুর করে ডাকাতি ও লুটপাটের অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে।

জানা গেছে, ভাঙচুর, লুটপাট ও ফসলি জমি নষ্টের ঘটনায় চরআলগী গ্রামের মোয়াজ্জেম হোসেন খান নামের এক ভুক্তভোগী ২১ জনের নাম করে থানায় একটি অভিযোগ করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে গত রবিবার রাতে মামলা রেকর্ড করে পুলিশ। রাতেই ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে মামলার প্রধান আসামি সুলতান উদ্দিন খান, সুমন মিয়া, কামাল মিয়া, মাসুদ মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযানে যায়। এতে আসামিদের গ্রেপ্তারে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান আসামিরা।

আসামিপক্ষের মাহমুদুল হাসান খান অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা মোয়াজ্জেম হোসেন খানের সঙ্গে আমাদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারা নানা হুমকি-ধমকি দিচ্ছেন। এ নিয়ে আমরা আতঙ্কে রাত কাটাচ্ছি। এ অবস্থায় গত রবিবার রাতে ১০-১৫ জন আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।’ মামলার বাদী মোয়াজ্জেম হোসেন খান বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা পুলিশের ওপর হামলা করতে প্রস্তুত হয়। এতে পুলিশ চলে যায়। পরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আবার আমাদের বাড়িঘরে হামলা চালায়।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘আসামিরা গ্রেপ্তার এড়াতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এমন কা- ঘটিয়েছেন। এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত