অস্ত্র-গোলাবারুদসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

চট্টগ্রামের চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ ৯ নম্বর ওয়ার্ডের আমতল-হাইটমাড়া পাহাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ছয় পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের সেনাসদস্যরা।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দেশীয় অস্ত্র তিনটি, একটি চাকু, ১২ প্যাকেট বারুদ, তিনটি গুলটি ও ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন বান্দরবান পার্বত্য জেলার চিনিডলুপাড়া এলাকার সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), মুনিসির ছেলে লুকু-ম (৩৬), ত্রাপুঅ-এর ছেলে চাইসাও (৪০), অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মারমা (৩০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।

জানা যায়, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলার আমতল-হাইটমাড়া পাহাড়ি এলাকার একটি পাহাড়ে অস্ত্রধারী ছয় পাহাড়ি সন্ত্রাসী আস্তানা গড়ে তোলে। এখান থেকে বিভিন্ন কৃষক ও নিরীহ বাগান মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণের পরিকল্পনা গ্রহণ করে। সোমবার সকাল থেকে সন্ত্রাসীর দল পূর্ণ প্রস্তুতি নিয়ে এলাকায় হামলা করার সংবাদ এলাকাবাসী জানতে পারলে দলবদ্ধ হয়ে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয় লোকজন অস্ত্রধারী ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করার খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনাসদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অস্ত্রধারী ছয় উপজাতি সন্ত্রাসীকে আটক করেন।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাকাবাসী দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে। চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলার আমতল-হাইটমাড়া পাহাড়ি এলাকার একটি পাহাড়ে অস্ত্রধারী ছয় পাহাড়ি সন্ত্রাসীকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আটক করে। আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে আসি।

আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসী (শান্তিবাহিনী) কর্তৃক অপহরণের ঘটনা ঘটে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত