টঙ্গীতে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকা- হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে ওই কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং চারপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যসহ স্থানীয় কয়েকজন শ্রমিকও দগ্ধ হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্য ও তিনজন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ ছয়জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।
