ফেডারেশন কাপ: ফর্টিস রুখে দিলো চ্যাম্পিয়নদের, মোহামেডানের জয়

বসুন্ধরা কিংস ১-১ ফর্টিস এফসি

মোহামেডান ৩-২ পুলিশ এফসি

 
 
 
 
 
 
 
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

চ্যালেঞ্জ লিগ জিতে মৌসুমের শুরুটা দারুণভাবে করলেও ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। ঘরের মাঠ কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। আর কুমিল্লায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে মোহামেডান।

কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরোয়ার্ডদের অসাধারণ বোঝাপড়ায় বসুন্ধরা কিংসের এগিয়ে যাওয়া। এরপর ম্যাচে ফিরতে ফর্টিস এফসির মরিয়া চেষ্টা। তারপরও হচ্ছিল না। তবে বসুন্ধরার আছেন একজন অঘটনঘটনপটিয়সী গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। তার এবং লেফট ব্যাক তাজ উদ্দিনের তালগোল পাকিয়ে ফেলার শেষ পরিণতি তারিক কাজীর পা থেকে এলো আত্মঘাতী গোল। তাতে টানা চতুর্থবারের মত ফর্টিসের বিপক্ষে জয়শূন্য থাকতে হলো বসুন্ধরাকে। নিজেদের মাঠে ফেডারেশন কাপে চ্যাম্পিয়নদের শুরুটা হল ১-১ ড্র‍য়ে, পয়েন্ট খুইয়ে। 

কুমিল্লায় অবশ্য অঘটন ঘটতে দেয়নি মোহামেডান। পুলিশের বিপক্ষে প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে ছিল লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলের লড়াকু জয় উপহার দিয়েছেন স্যামুয়েল বোয়েটাং। পুলিশ এফসির কাছে বারবার পিছিয়ে পড়া সাদা-কালোদের জয় এনে দিতে হ্যাটট্রিক করেছেন গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে লিগে সর্বোচ্চ ১৯ গোল করা এই ঘানাইয়ান। 

৯ মিনিটেই পুলিশকে এগিয়ে দেন ইসা ফয়সাল। ১১ মিনিটে সমতা টানেন বোয়েটাং। ৩০ মিনিটে দানিলো কুইপাপার গোলে ফের লিড নেয় পুলিশ। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে আবার মোহামেডানকে সমতায় ফেরান বোয়েটাং। এর পর ৭৩ মিনিটের গোলে নিজের হ্যাটট্রিকের সঙ্গে দলকে জয় এনে দেন এ ঘানাইয়ান।

 
 
 
 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত