মেট্রোর সময় বৃদ্ধি : যাত্রীর সন্তোষ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম

ঢাকায় ক্রমাগত যানবাহন বৃদ্ধির কারণে, যাতায়াতে অসম্ভব ভোগান্তি ছিল নগরবাসীর। স্বল্প দূরত্বের জায়গা থেকে অন্য জায়গায় যেতে সীমাহীন দুর্ভোগ ও সময়ের অপচয় হয়েছে। ঢাকা মহানগরীতে দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছিল কর্মজীবীদের। যেখানে ক্ষতির পরিমাণ ছিল ৩৭ হাজার কোটি টাকা। ১২ বছর আগেও, ঢাকায় যানবাহনের গতিবেগ ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। বর্তমানে কিছুটা বেড়েছে। এর কারণ মেট্রোরেল। দেশে মেট্রোরেল প্রথম পর্যায়ে ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়। পরে, ৫ নভেম্বর ২০২৩ থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয়। চলছিল রাত ১০টা পর্যন্ত। এবার চলাচলের সময় বাড়ছে। যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেল রাত ১০টার পরও চলবে। সকালে চালু ও রাতে বন্ধের সময় আধঘণ্টা বাড়বে। নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে ট্রেন চলাচল শুরু হবে সকাল ৬টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, যেখানে আগের সময় ছিল রাত ৯টা। এ ছাড়া দুই ট্রেনের মধ্যে বিরতি দুই মিনিট কমে সোয়া ৪ মিনিট করা হচ্ছে। অফ পিক আওয়ারে ৬ মিনিট পরপর চলবে ট্রেন। আগামী শুক্রবার থেকে এ পদ্ধতিতে পরীক্ষামূলক পরিচালনা হবে। দুই সপ্তাহ পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি মেনে মেট্রো চলাচল করবে। তবে পরীক্ষামূলকভাবে চলার সময়ও সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী না থাকলে, চালানো হবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়াচ্ছে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম চলাকালেও একই সময়সীমার ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে। অর্থাৎ, কোনো ট্রেন খালি চলবে না। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, নতুন সূচিতে শিগগিরই যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এতে যাত্রীর সংখ্যা ও আয় দুটিই বাড়বে। সাধারণ মানুষের ট্রেনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। সড়কের ওপর চাপ কমবে। বর্তমানে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায়। নতুন সূচিতে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। এ ছাড়া রাতে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচি অনুসারে, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সূচিতে শুক্রবার বেলা আড়াইটায় মেট্রোরেল চলাচল শুরু হবে। রাতে আধা ঘণ্টা চলাচলের সময় বাড়বে। ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেলে দৈনিক যাত্রী যাতায়াত করে গড়ে ৪ লাখ ২০ হাজার। এর মধ্যে গত ৬ আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়, ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬। নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা ৫ লাখ ছাড়াবে বলে কর্তৃপক্ষ মনে করছে। মেট্রোরেল কমলাপুর পর্যন্ত চালু হলে, দৈনিক যাত্রীসংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে উন্নীত হতে পারে।

মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ট্রেন ছাড়লে, উত্তরা পৌঁছাতে প্রায় ১১টা বাজবে। কারণ, উত্তরা যেতে সময় লাগবে ৩১-৩৩ মিনিট। এরপর অধিকাংশ নারী যাত্রীর ঘরে ফিরতে প্রায় ১২টা বাজবে। তখন শহরের অলিগলি অনিরাপদ। এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। তবে সাধারণ যাত্রীরা যে এতে খুশি তা বলার অপেক্ষা রাখে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত