যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ারসহ বিভিন্ন প্রকার কসমেটিকস-সামগ্রী জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।
আটকরা হলেন, মাগুরার কলেজপাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) ও একই জেলার শিবরামপুর পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।
বিজিবি জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান করে। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি করে অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য দুই কোটি ৫৫ লাখ টাকা বলে জানায় বিজিবি। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।
