আমরা মানুষকে ভালোবাসি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আমরা সবার পাশে আছি। অতীতে যেমনি ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। আর যারা মসজিদ, মন্দির, গির্জা, মাজার ধর্মীয় উপাসনালয়গুলো ধ্বংস করতে চায় তারা জাতির শত্রু। তারা ক্রিমিনাল, তারা অপরাধী, এই অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে প্রস্তুত আছি।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের হলরুমে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এ সময় তিনি আরও বলেন এ বছর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা ও কঠিন চীবর দান উৎসবের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। সব ধর্মের লোকেরা যাতে সুন্দরভাবে নিজেদের ধর্মীয় আচারাদি পালন করতে পারেন।
এছাড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো কুচক্রী মহল দুর্ঘটনা ঘটাতে না পারে। এ জন্য গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। এর আগে তিনি খাগড়াছড়িতে বিভিন্ন ধর্মাবলম্বী ও রাজনৈতিক দলের ব্যক্তিদের কথা শোনেন।
