গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম হায়দার ইসলাম (৫১)। আহত ব্যাক্তির নাম আল আমিন।
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আল আমিনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় ডাকাতি রোধে এলাকাবাসী দলবেঁধে এলাকার বিভিন্ন স্থানে ভাগ হয়ে পাহারা দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়রা একজনকে আটক করে। তখন তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে মনিপুর ভৌড়াঘাটা গ্রাম থেকে আরেকজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।
