ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায়।
অভিযানের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে জেলা পরিষদের অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্ত দল প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করে। পরে সরেজমিনে প্রকল্প এলাকাগুলোতে যান তারা। দুদক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর তালিকায় এক ব্যক্তির নামে একাধিক বরাদ্দ, অস্তিত্বহীন প্রতিষ্ঠান, এমনকি আবেদন না করা কিছু প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া, পারিবারিক কবরস্থানের নাম ‘সামাজিক প্রকল্প’ দেখিয়ে বরাদ্দ গ্রহণের অভিযোগও পাওয়া গেছে, যা প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
