চট্টগ্রামে সংবাদপত্র হকারদের মতবিনিময়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ এএম

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেছেন, ‘হকাররা আমার কাছে বেশ কিছু দাবিদাওয়া দিয়েছেন।  বাংলাদেশে এমন কোনো সৎ ব্যবসা নেই, যেটি ৪০ শতাংশ কমিশন পায় বা লাভ করতে পারে। আমাদের কাগজ তো ফ্রি পাওয়া যায় না। আপনারা (হকার) দাবি করেছেন, আপনাদের কমিশন বাড়িয়ে ৫০ শতাংশ করার জন্য। এখন আপনারা বলেন, পত্রিকা চালানো ভালো হবে নাকি কমিশন বাড়িয়ে কিছুদিনের মধ্যে বন্ধ করে দেওয়া ভালো হবে?’ গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কেসিদে রোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সংবাদপত্র বিভাগীয় এজেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত চট্টগ্রাম সংবাদপত্র হকারদের মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পরিচালক সাঈদ আল নোমান বলেন, ‘আমি যখন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করি, তখন আমি নিজে পত্রিকায় ভেতরে প্রতিষ্ঠানের লিফলেট ঢোকাতাম। আমার এ কাজের সহযোগী ছিলেন আমার এই হকার ভাইয়েরা। আজকে এই হকার ভাইদের কিছু কথা শুনে তাদের খুব অসহায় মনে হলো। ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ার কারণে এখন প্রিন্ট মিডিয়ার গ্রাহক কমে যাচ্ছে এটি চরম সত্য। কারণ সবাই কাগজের পত্রিকার খবর অনলাইনে পড়ছে। তাই আমার মতে, হকার ভাইদেরও বিকল্প আয়ের চিন্তা করতে হবে। আপনাদের কাজ ছোট নয়। আমি বিমানে ওঠার সময় আমার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ২০০ লিফলেট নিয়ে উঠেছিলাম। বিমানের সহযাত্রীদের আমি সেই লিফলেট দিয়েছি। আমি মনে করি এতে লজ্জার কিছু ছিল না।’

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। চট্টগ্রাম সংবাদপত্র বিভাগীয় এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলী মজুমদার রান্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গনি টিপু ও সাবেক সাধারণ সম্পাদক মো. হেফাজত ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত