কুমার নদে ভেসে উঠল দুই নাতিসহ দাদির লাশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ এএম

ফরিদপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় পানিতে ডুবে দুই নাতি ও দাদি নিখোঁজ হন। পরে এক নতিসহ দাদির লাশ উদ্ধার করা হয়। অন্য নাতি নিখোঁজ থাকলেও গতকাল শুক্রবার সকালে তার লাশটি কুমার নদে ভেসে ওঠে। গত বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া দাদির নাম মালা বেগম (৬৮)। নিহত শিশুদের নাম তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং তার আপন চাচাতো ভাই সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। তারা ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে আপন দুই চাচাতো ভাই সোয়াদ ও তৌসিফ। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দাদি মালা বেগমও পানিতে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, ওইদিন বিকেলে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তারা দাদি ও এক নাতির লাশ উদ্ধার করে। অন্য নাতির লাশ উদ্ধারের চেষ্টা করেও না পেয়ে সন্ধ্যার পর অভিযান শেষ করে। ২০ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকালে অন্য নাতি সোয়াদের লাশ কুমার নদে ভেসে ওঠে। একই পরিবারের তিনটি লাশ দেখে স্থানীয় এবং পরিবারের লোকজনের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত