গাজীপুরের শ্রীপুরে ফের খুলে গেছে বেইলি ব্রিজের পাটাতন। কাওরাইদ-জৈনাবাজার আঞ্চলিক সড়কের চৌধুরীঘাট এলাকার মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি সেতুর ৫টি পাটাতন খুলে পড়ায় বর্তমানে ওই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এ নিয়ে অন্তত ৩০ বার ভেঙেছে সেতুটি।
এ দিকে বার বার এমন দুর্ভোগে চরম অসন্তোষ প্রকাশ করেন বাসিন্দারা। তাদের অভিযোগ অবহেলা করে এ বেইলি ব্রিজটি করা হচ্ছে না। ফলে ভোগান্তি কদিন পর পর পোহাতে হচ্ছে।
শনিবার সকালে (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। একটি ভারি ট্রাক সেতু অতিক্রম করার সময় পাটাতনগুলো স্থানচ্যুত হয়। পরে স্থানীয়রা পাটাতন খুলে এলোমেলো দেখতে পান। এরপর বাঁশ ও লাল কাপড়ে ব্রিজ আটকে দেওয়া হয়। ফলে সব যানবাহনকে অন্তত ১৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।
স্থানীয়রা জানান, পাটাতন খুলে যাওয়ায় জৈনা বাজার থেকে কাওরাইদসহ অন্য এলাকায় যাতায়াতে যানবাহনগুলোকে অন্তত ১৫ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে। জরুরি রোগীসহ নানা পথচারীরা এতে ক্ষোভ প্রকাশ করছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল হক খোকন বলেন, বেইলি সেতুটি বহু পুরনো। এখানে একটি কংক্রিট সেতু নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিনেও সেটি বাস্তবায়ন হয়নি। এতে মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। আশা করি খুব দ্রুত সময়ে মানুষের সেতুর দাবি পূরণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অধিক পরিমাণ বালু নিয়ে একটি ড্রাম ট্রাক সেতু পার হচ্ছিল, তখনই সেতুটির পাটাতন খুলে যায়। এখন পায়ে হেঁটে লোকজন ভয় ভয়ে পারাপার করলেও যানবাহন চলতে পারছে না। এখানে সেতু তৈরি করা জরুরি। পরে শ্রীপুর এলজিইডি অফিসে খবর দেওয়া হয়েছে। তারা লোকজন পাঠিয়েছে।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী সেতুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আপাতত ব্যস্ত সড়কে যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা আগে জরুরি।
