দুর্গাপূজায় যাত্রী পারাপার বেড়েছে বেনাপোলে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

দীর্ঘদিন পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বেড়েছে। শারদীয় দুর্গাপূজার ছুটি কাটাতেই হাজার হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছে। কেউ যাচ্ছে দুর্গাপূজা উৎসব পালন করতে, কেউবা চিকিৎসা করতে, কেউ যাচ্ছে পরিবার ও আত্মীয়দের সঙ্গে ছুটি কাটাতে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, গত ৬ দিন ধরে সোমবার এবং শনিবারের মধ্যে ৯৪২৭ জনেরও বেশি বাংলাদেশি ভ্রমণকারী ভারতে গিয়েছিলেন। এটি ১০ দিন আগের রের্কড করা সংখ্যার চেয়ে এখন প্রায় দ্বিগুণ।

বহির্মুখী ভ্রমণকারীদের অনেকেই খুলনা, বাগেরহাট, নড়াইল এবং ঢাকা থেকে এসেছিলেন। পাসপোর্ট যাত্রী সুনীল ঘোষ বলেন কাজের কারণে তিনি ভ্রমণের সময় পান না, তাই তিনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ পূজার ছুটিতে কলকাতায় ভ্রমণের পরিকল্পনা করেছিলেন।

আরেক যাত্রী সুধীর ম-ল বলেন, তিনি পূজা উৎসব উপভোগ করবেন কলকাতায়। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে একত্রে পূজা উৎসব উদযাপন করবেন। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সাজীব বলেন, ভারতীয় কর্তৃপক্ষ যদি বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য তাদের আগের ভিসা সুবিধার ব্যবস্থা পুনরায় চালু করে, তবে যাত্রী পারাপার আরও বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত