হৃদরোগ এখন পৃথিবীর এক নম্বর প্রাণঘাতী অসংক্রামক রোগ। অথচ জীবনধারার পরিবর্তন এবং সচেতনতার মাধ্যমে শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। এই অবস্থায় যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী দশ বছরে হৃদরোগজনিত মৃত্যু আরও বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল সোমবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বৈজ্ঞানিক সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে প্রতি পাঁচটি শীর্ষ মৃত্যুর মধ্যে একটি হচ্ছে হৃদরোগ। গ্লোবাল বারডেন অব ডিজিজ স্টাডির তথ্যানুযায়ী হৃদরোগ এবং স্ট্রোকের ৮০ ভাগ জীবনধারার পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ সম্ভব। বিশেষ করে তামাক ব্যবহার বন্ধ, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে।
