অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্র্যাসি অ্যান্ড পিস স্টাডিজ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত ‘ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘আপনি শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছেন। অতএব আপনি একটি অবৈধ সরকার। আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন। গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না। সেক্ষেত্রে অবশ্যই এই যে কথাগুলো বলছি তার উত্তর দিতে হবে।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কিছু তরুণকে মন্ত্রণালয়ে নিয়েছেন। আমি অভিনন্দন জানাই। ভালো কথা। তাহলে মন্ত্রণালয় তো তারা চালাতে পারে নাই। তরুণদের আপনি নষ্ট করেছেন, তাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। কারণ আমলাদের রেখে দিয়েছেন ওই জায়গায়। শেখ হাসিনার সেই আমলাতন্ত্র ওখানে রয়েছে।’
