কক্সবাজার টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, শিশুসহ কিছুসংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, শিশুসহ আট ব্যক্তিকে উদ্ধার করেন।
অভিযান চলাকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। মানব পাচারকারীদের আটক করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে।
