জিয়ার মাজারসংলগ্ন লেকে মাছ ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছে ‘আমরা বিএনপি পরিবার’। আর এই কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। গতকাল বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকার ‘জিয়া উদ্যানের লেকে’ আনুষ্ঠানিকভাবে এই মাছের পোনা ছাড়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

রিজভী বলেন, ‘জাতিসংঘের সভায় প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আল-জাজিরাকে বলেছেন, অনেকে তাকে ৫ বছর ক্ষমতায় থাকার কথা বলেছেন। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি কী বার্তা দিচ্ছেন? প্রধান উপদেষ্টা কতদিন ক্ষমতায় থাকবেন তা জনগণের আকাক্সক্ষার ওপর নির্ভর করবে। কিন্তু নির্বাচন নিয়ে যখন একটি অস্থিতিশীল পরিস্থিতি ছিলÑ সেই সময়েই তিনি ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে নিশ্চিত করেছেন। এখন আবার প্রধান উপদেষ্টা তার ক্ষমতায় থাকা নিয়ে যে কথা সাংবাদিকদের বলেছেন, এতে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।’

রিজভী অভিযোগ করেন, ‘দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। সবাই ভেবেছিল প্রধান উপদেষ্টার দেশ-বিদেশে অনেক যোগসূত্র রয়েছে। তাই বিদেশ থেকে অর্থনৈতিক লোন আসবে, কিন্তু গত এক বছরে কেউ কিছু দেয়নি। দেশের ব্যাংকগুলো একেবারেই শূন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত