চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মা-মেয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার মৌলভীপাড়া এলাকাসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনার ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মাসুদা খাতুন (৪২) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫)। আহতরা হলেন মাসুদার স্বামী বদিউল আলম (৬০) ও তার ছেলে ইমাম হোসেন (২০) এবং চুমকির দেড় বছর বয়সী ছেলে সাফোয়ান। তারা সীতাকুণ্ড পৌর সদরের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, এক নিকট আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা। অটোরিকশাটি পৌর সদরের মৌলভীপাড়া এলাকা অতিক্রমকালে রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকামুখী মহানগর এক্সপ্রেস চলে আসে। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীসহ একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুদা খাতুন ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকিকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত