ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে আলী আকবর (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার আলী আকবরকে আদালতে সোপর্দ করে পুলিশ। তার আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বড়হিত ইউনিয়ন থেকে আলী আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। আলী আকবরের বাড়ি বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামে। তিনি একই গ্রামের প্রয়াত আছর উদ্দিনের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আলী আকবরের জবানবন্দি অনুযায়ী উপজেলার উচাখিলা ইউনিয়ন থেকে এক চোর এবং ময়মনসিংহ
সদরের নিলক্ষীয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আরও এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গরু চুরি মামলায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার অধিকতর তদন্ত ও চুরি যাওয়া গরু উদ্ধারের স্বার্থে গ্রেপ্তার অপর দুই চোরের নাম প্রকাশ করেনি পুলিশ।
গত বুধবার দিনগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের আবদিয়া এগ্রো ফার্ম থেকে খামারির ৮ টি গরু চুরি হয়। পরদিন খামারের মালিক মো. আরিফ হোসেন সায়মন(৩৭) থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গরু চুরির মামলায় ইতোমধ্যে তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটন ও চুরাই গরু উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
