হিলিতে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম

ভারত থেকে আমদানি বন্ধ ও বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমায় পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৪০ টাকা। হঠাৎ করে আবারও কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

গতকাল শুক্রবার হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সংকট। বাড়তি দামের কারণে দুয়েকটি দোকানে কাঁচা মরিচের দেখা মিলছে। পাঁচ দিন আগে দেশীয় কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি বিক্রি হলেও, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আবদুর রহিম নামে এক ক্রেতা বলেন, ‘কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে।

কয়েক দিনের ব্যবধানে দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। রাত পোহালেই দাম বাড়ছে ২০-৩০ টাকা করে। বাজারে তো কাঁচা মরিচ আছে, তারপরও কেন এত দাম বাড়তি বুঝতে পারছি না।’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘আগে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করায় বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। কিন্তু দুর্গাপূজার কারণে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। এর ফলে বাজারে দেশীয় কাঁচা মরিচের ওপর চাপ আগের তুলনায় বেড়েছে।’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘দুর্গাপূজার কারণে গত ২৮ সেপ্টেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। একইভাবে দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও আমদানি বন্ধ রয়েছে। পূজার ছুটি শেষে শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হবে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত