দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৬৩ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ৫৬ জন করে ১১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫, ঢাকা বিভাগে ৩৪ এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের। এর মধ্যে সর্বোচ্চ ৯৫ জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, চট্টগ্রাম বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ৬, খুলনা বিভাগে ৫ এবং ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
