জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:১১ এএম

মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে হানিফ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও টেঁটা দিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাইয়েরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত হানিফ একই গ্রামের মৃত ইলা ব্যাপারীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং চার সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে হানিফের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে হানিফ ও তার চাচাতো ভাইদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মৃত মিনা ব্যাপারীর ছেলে স্বাধীন ওরফে সেন্টু (২৫) ও জাহাঙ্গীর (২০) ধারালো দা ও টেঁটা নিয়ে হানিফের ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত সেন্টু ও জাহাঙ্গীর পালিয়ে যান। তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নিহত হানিফের ছোট মেয়ে স্মৃতি বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আগেও হুমকি দিয়েছিল। আমরা দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার চাই।’ সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত