সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে নারী ও ইজিবাইক চালককে কুপিয়ে খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে এক ইজিবাইক ও এক নারীকে কুপিয়ে-পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে ইজিবাইকের চালক খোকন মিয়াকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে গতকাল শনিবার সকালে নিহত ইজিবাইক চালকের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সোহাগ মিয়া (২৫), জোসনা আক্তার বেলিকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। তার আগে গত শুক্রবার রাত ১০ টার দিকে মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা-৯৯৯ কল পেয়ে চালক খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত খোকন মিয়া কর্মা গ্রামের কছুমদ্দিনের ছেলে।

সরেজমিন পরিদর্শনকালে ইজিবাইক চালকের পরিবার জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম (২৮), বদরউদ্দিন আল সানি বাদল (৪৫), মঞ্জু মিয়া (৩৫), মোসলেম উদ্দিন (৫৫), একলাস চৌধুরী (৪০) এবং ভাড়াটে গু-া রাসেল মিয়া, হানিফ মিয়া, সাকিবসহ অন্তত ১০-১৫ জনের সংঘবদ্ধ একটি দল ইজিবাইক চালক খোকন মিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে অতর্কিত হামলা চালায়। পরিবারের অভিযোগ, হামলার পর বাড়িঘর লুট করে নিয়ে যায় নজরুলরা।

নিহত খোকন মিয়ার বাবা কছুমদ্দিন (৭৫) বলেন, ‘নজরুল ইসলাম, তার চার ভাই এবং ভাড়াটে গু-াসহ ১০-১৫ মিলে আমার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমার ছেলের বাম হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। মাথায় তিনটি কোপ, দুই পা ভেঙে থেঁতলে ফেলেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত