সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ৯৪ বছর বয়সে ২০২৪ সালের এই দিনে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুবার্ষিকীর দিনে তার প্রতিষ্ঠিত দল বিকল্পধারা বাংলাদেশ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে তার গ্রামের বাড়িতে বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর কবর জিয়ারত, দুপুরে তার জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা, আলোচনার পর তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং দুপুরে খাবার দিয়ে আপ্যায়ন। অনুষ্ঠানে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর পরিবারের সদস্য, বিকল্পধারার নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আব্দুল মান্নাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে বদরুদ্দোজা চৌধুরী রাজনীতি শুরু করেন। ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন।
