বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক রুম থেকে আব্দুল মতিন প্রামাণিক (৩৮) নামের এক ফার্মাসিস্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের আয়া লাভলী খাতুন জানান, রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মিটিং হওয়ার কথা ছিল। সেজন্য সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যকেন্দ্রে এসে আবদুল মতিনকে ডাকতে গেলে সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা জানালা দিয়ে রুমের মেঝেতে আবদুল মতিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
শিবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাক্তার মো. মাহবুবুর রহমান বলেন, নিহত মতিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। বিগত চার বছর আগে একবার হার্ট অ্যাটাকও হয়েছিল।
এদিকে, নাটোরে গত শনিবার শহরের লালবাজারে নিজ বাসা থেকে আইনজীবী ভাস্কর বাগচি (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও আইকর উপদেষ্টা এবং জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।
জানা যায়, শনিবার রাতে শহরের লালবাজারে নিজ বাসার সিঁড়িতে রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
