নাটকের পরিসমাপ্তি নাকি নতুন অধ্যায়

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নির্বাচনকে বলেছেন, ‘পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন।’ আইসিসিতে কাজ করেছেন, বিশ্বের অনেক দেশেই ক্রিকেট ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় জড়িত ছিলেন, এমন একজন ব্যক্তি যখন শ্রেষ্ঠত্বের সনদ দেন তখন সেটা মেনে নিতেই হয়। তবে এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি কী সেটা যেহেতু বলেননি, ধরে নেওয়া যায় উত্তেজনা, রোমাঞ্চ, অনিশ্চয়তা আর আইনি জটিলতার মারপ্যাঁচে নেটফ্লিক্সের সিরিজকেও পেছনে ফেলার মতো নাটকীয়তাই এই শ্রেষ্ঠত্বের নির্ণায়ক। কারণ মাত্র এক সপ্তাহ আগে ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচনে নীরবে-নিঃশব্দেই সভাপতি হয়ে গেলেন মিঠুন মানহাস। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে সেটা পাঁড় ক্রিকেট সমর্থকেরও গুগল করেই জানতে হবে। তবে আইসিসি র‌্যাংকিংয়ে তিন সংস্করণেই ৯ আর ১০-এর ভেতর ঘোরাফেরা করা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হতে যে সীমাহীন আগ্রহ, অন্তহীন প্রচেষ্টা ও রাজনৈতিক এবং ব্যবসায়িক মারপ্যাঁচ, সেসব আমলে নিলে বিসিবি নির্বাচনের শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই।

আজ সোমবার ঢাকার একটি হোটেলে সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ। যদিও ভোট প্রদান শুরু হওয়ার আগেই অনেকে জয়ী হয়ে গেছেন। ঢাকা বিভাগ থেকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ছিলেন প্রার্থী। ভোটের আগের দিন নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন রেদুয়ান, ঠিক যেভাবে তিনি প্রায় এক বছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছিলেন। রাজশাহী বিভাগের প্রার্থী হাসিবুল আলমও নাম প্রত্যাহার করেছেন। তার অভিযোগ, তিনি ভোটারদের খুঁজে পাচ্ছেন না, যদিও তিনি নিজেই বলেছেন যে, তারা একটি হোটেলে আছেন, ‘আমাকে একটি বিদেশি নম্বর থেকে ফোন দেওয়া হলো, জানানো হলো রাজশাহীর কাউন্সিলররা ঢাকার ইউনিক রিজেন্সি হোটেলে আছেন। বলা হলো, তারা ৮টি রুমে আছেন। এমনকি প্রার্থীসহ তার সাঙ্গপাঙ্গরা ৬০৩ নম্বর রুমে আছেন বলেও জানানো হয়। আমি নিজে যাইনি, একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম। যাওয়া মাত্রই ওখানকার কাউন্টারে নিশ্চিত করা হলো যে ওই প্রার্থী সেখানেই উঠেছেন।’

ক্লাব ক্যাটাগরিতে চলছে কোর্টরুম ড্রামা। কখনো ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল হচ্ছে, কখনো তারা আবার সেটা ফিরে পেয়ে প্রার্থিতা দিচ্ছে। এরপর আবার সেই অধিকার বাতিল হচ্ছে, এরপর আবার তারা বৈধতা পাচ্ছে। এসব কথিত ‘নোংরামি’ দেখে তামিম ইকবাল অভিমান করে প্রার্থিতা প্রত্যাহার করে দেশ ছেড়েই চলে গেলেন। সঙ্গে প্রার্থিতা প্রত্যাহার করলেন আরও কয়েকজন, যারা প্রকৃত অর্থেই ক্লাব সংগঠক। রাজনীতির ‘নেপো কিড’-দের নির্বাচনী বৈতরণী পার করতে তামিম যাদের নামিয়ে দিয়েছিলেন। তারা আবার একজোট হয়ে এখন নির্বাচন পেছানো, অ্যাডহক কমিটি দাবি করে ঢাকার ক্লাব ক্রিকেটে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন। কেউ বিকেলে নির্বাচন ভালো হচ্ছে এমন সাক্ষাৎকার দিয়ে রাতে প্রার্থিতা প্রত্যাহার করছেন, কেউ এক সময়ের দাপুটে সেনা কর্মকর্তা হয়েও প্রার্থিতা প্রত্যাহারের দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর চোস্ত ইংরেজিতে নিজের সরে দাঁড়ানোর কথা জানিয়ে নির্বাচন কমিশনে ইমেইল করেছেন।

এত ঝড়-ঝঞ্ঝার পর যারা থেকে গেছেন তাদের অনেকেই এক ঝাঁকের কই। দেশের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত একাধিক ব্যক্তি এই নির্বাচনে প্রার্থী এবং ভোটার। কয়েকজন ‘ডামি’ প্রার্থী হয়েছেন, কেউ নিজে প্রার্থী হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের জন্য ভোট চাইছেন। ক্যাটাগরি ২ থেকে ১২টি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১৬ জন, লুৎফর রহমান বাদল ও মেজর ইমরোজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবে সেটা নাম প্রত্যাহারের সময়সীমার পর। অন্যদিকে নাম প্রত্যাহার না করলেও ইফতেখার রহমান মিঠুর মনোনয়নপত্র বৈধতা পায়নি, কারণ তার ক্লাব ভাইকিংস ক্রিকেট একাডেমি দুদকের অভিযোগ-সংক্রান্ত আইনি জটিলতায় থাকা ১৫টি ক্লাবের একটি। তবে শেষ সময়ে এসে ১৫টি ক্লাবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৈধতা দেওয়ায় তার আর নির্বাচন করতে বাধা নেই। এই ক্যাটাগরিতে অন্য প্রার্থীরা হলেন ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, আহসানুর রহমান মল্লিক রনি, মোখছেদুল কামাল, ফয়জুর রহমান ভূঁইয়া, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, রাকীব উদ্দিন, মনজুর আলম ও মেহরাব আলম চৌধুরী।

ক্যাটাগরি ৩ থেকে পরিচালক পদে লড়ছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এই ক্যাটাগরিতে ভোট ৪৫টি। এখানে সাবেক অধিনায়ক পাঁচজন ও সাবেক খেলোয়াড় ১০ জন ভোটার, আবার আছে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোরও প্রতিনিধি। তাই এই ক্যাটাগরিতে লড়াইটা হবে জোরালো।

ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অতঃপর ভোট গণনা শেষে পরিচালক নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ করা হবে। সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে চূড়ান্ত ফল। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। ফল প্রকাশ হবে রাত ৯টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত