আম্পায়ারিং বিতর্কে নাইট বললেন –‘তিনবার আউট হয়েও বেঁচে গেলাম’!

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম

গুয়াহাটিতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার সৃষ্টি করেছে ভারতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালনের দুটি ভুল সিদ্ধান্ত, যা বাংলাদেশের বিপক্ষে গেছে। ইংল্যান্ড ম্যাচ জিতেছে ৪ উইকেটে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক হলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত বলে মত অনেকের।

১৫তম ওভারে ফাহিমা খাতুনের লেগ স্পিনে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট বল তুলে দেন কাভার অঞ্চলে, যেখানে স্বর্ণা আক্তার চমৎকার ডাইভে নিচু হয়ে আসা ক্যাচটি লুফে নেন। নাইট নিজেও মাঠ ছাড়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। তখনই থার্ড আম্পায়ারের সাহায্য চান ফিল্ড আম্পায়ার। রিপ্লেতে বলটি মাটিতে লেগেছিল কিনা- সেটার ‘স্পষ্ট প্রমাণ’ না পাওয়ায় নাইটকে ‘নট আউট’ ঘোষণা করেন টিভি আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালন।

ওই সময় মাত্র ১৩ রানে ব্যাট করছিলেন নাইট। পরে তিনি অপরাজিত ৭৯ রান করে ২৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচ শেষে নাইট বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম বলটি ফিল্ডারের হাতে গিয়ে পড়েছে, তাই হাঁটতে শুরু করেছিলাম। তবে টিভি আম্পায়ার অন্য সিদ্ধান্ত দিয়েছেন। স্বীকার করছি, ভাগ্য আজ আমার পক্ষে ছিল। গত এক বছর কঠিন কেটেছে, হয়তো একটু সৌভাগ্য প্রাপ্য ছিল আমার।’

বাংলাদেশের ফাহিমা খাতুন অবশ্য হতাশা লুকাতে পারেননি। ম্যাচটিতে ১০ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৩টি উইকেট নেওয়া এই স্পিনার বলেন, ‘আমাদের কাছে এটা স্পষ্ট আউট ছিল। আম্পায়ারের সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। যদি সেই উইকেটটা পাওয়া যেত, ফলাফল অন্যরকম হতে পারত।’

নাইট তার ইনিংসটি খেলার পথে তিনবার রিভিউ নিয়ে বেঁচে যান। প্রথম বলেই মারুফা আক্তারের ইনসুইঙ্গারে ‘কট বিহাইন্ড হয়েও রিভিউতে রক্ষা পান। সপ্তম ওভারে আরেকবার এলবিডব্লিউ ঘোষণা করা হলেও বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি স্টাম্পের ওপরে যাচ্ছিল। নাইট পরে বলেন, ‘সম্ভবত আমার জীবনের প্রথম ইনিংস, যেখানে তিনবার আউট হয়েও ফিরে আসলাম! আম্পায়ারদের জন্যও কঠিন ছিল, কারণ বল অনেক সুইং করছিল। তবে এটাই ডিআরএস ব্যবস্থার সৌন্দর্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত