ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।
নুরুল হক নুর ফেসবুকে লেখেন, ‘আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারও সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।’
তিনি আরও লেখেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’
