প্রকৌশলী তানভীর 

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

নোয়াখালী-৬ হাতিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, লড়াই সংগ্রাম ও ত্যাগের  মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। 

তিনি আরো বলেন, এদেশের মানুষ যেভাবে ৩১ দফা কে সমর্থন দিয়েছে হাতিয়ার মানুষও তেমনি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে হাতিয়ায় তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী সহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত