চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ট্রাকচালক খুন হয়েছেন। গত শুক্রবার রাতে নগরের সদরঘাট জেটিগেটের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সজীব চন্দ্র নাথের (৩০) বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। নিহত সজীব ও গ্রেপ্তার হওয়া ইউসুফ হোসেন বিজয় (২৪) সদরঘাটে হাক্কানি ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের ট্রাক চালাতেন। ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের আমদানি করা কাঁচামাল স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটিগেটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। এ সময় জেটিতে প্রবেশের সিরিয়াল আগে পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এর মধ্যেই ইউসুফ সজীবকে বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
