কুয়াকাটা পৌরসভায় কর বাকি রয়েছে কোটি টাকার বেশি। বকেয়া কর আদায়ে পৌরসভার উদ্যোগে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এসময় কুয়াকাটার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌরসভার এই আয়োজনকে সাধুবাদ জানান।
রবিবার (১২ অক্টোবর) সকালে রেলি এবং আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হওয়া এই মেলায় পৌরবাসীদের কর পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াছিন সাদেক, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ঘরামি, কুয়াকাটা পৌর জামায়াত ইসলামের সাবেক আমির মাও. মাঈনুল ইসলাম মান্নানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, নিজেদের পৌরসভাকে সচ্ছল ও স্বয়ংসম্পূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিয়মিত কর পরিশোধ করলে নাগরিক সেবাও হবে আরও উন্নত ও টেকসই। একটি সচ্ছল ও কার্যকর পৌরসভা গঠনে নিয়মিত কর পরিশোধের কোনো বিকল্প নেই।
পৌরসভার কর আদায়কারী নাজমুল হোসেন বলেন, এখন পর্যন্ত আমাদের কুয়াকাটা পৌরসভার মোট বকেয়া কর ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। চলতি বছর কর আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বকেয়া পরিশোধে করদাতারা আরও সচেতন হন।
মেলায় সরাসরি কর পরিশোধের সুযোগ থাকায় করদাতাদের মধ্যে ভালো সাড়া দেখা যাচ্ছে। এই আয়কর মেলার মাধ্যমে কর আদায়ে গতি আসবে এবং নাগরিক সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে।
কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটা পৌরসভার সেবা কার্যক্রম সচল রাখতে কর আদায় অত্যন্ত জরুরি। নাগরিকদের উচিত নিয়মিত কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে অংশ নেওয়া। আয়কর মেলার মাধ্যমে জনগণের মধ্যে কর সচেতনতা বাড়বে এবং পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মেলা চলাকালীন যারা কর প্রদান করবে তাদের জন্য ১০ শতাংশ ছাড় থাকবে।
