ছিনতাই হওয়া সারবোঝাই কার্গো জব্দ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসির সার ছিনতাই করে নিয়ে বিক্রি করার সময় প্রশাসনের হাতে আটক হয়। গত শনিবার সন্ধ্যায় সারবোঝাই কার্গো জাহাজটিকে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নরসিংদী রায়পুরা থানার নৌ-পুলিশ জব্দ করেছে। স্থানীয় নৌ-পুলিশ ইন্সপেক্টর মো. আব্দুর রউফ বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জানা যায়, সরকারি ৬ হাজার ৩৪০টি বস্তা সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সীগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ছয়জন নাবিককে হাত-পা বেঁধে নদীর পাড়ে ফেলে দিয়ে জাহাজটিকে ছিনতাই করে নিয়ে যায়। পরে নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে সারগুলো বিভিন্ন ডিলারের কাছে যারা বিক্রি করতে আসে তাদের আইনশৃঙ্খলা বাহিনী হাতেনাতে ধরে ফেলে। ইতিমধ্যেই কার্গো থেকে প্রায় ১ হাজার ৪০০ বস্তা সার আনলোড করা হয়, যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়।

এ ব্যাপারে বোরহান উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।’ অন্যদিকে, সানাউল্লাহর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজিব চৌধুরী বলেন, জব্দ করা সার বিএডিসি মুন্সীগঞ্জ গোডাউন থেকে সুনামগঞ্জ বিএডিসি গোডাউনে যাওয়ার পথে ৬ হাজার ৩৪০ বস্তা সার নরসিংদী রায়পুরায় ডাকাতের কবলে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত