ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন কার্যক্রম শেষ হবে আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। ২৪ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। ২০ ডিসেম্বর ‘বিজ্ঞান ইউনিট’-এর মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য নিয়াজ আহমদ খান।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে পাঁচটি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
