বিশ্ব রেকর্ড ভারতের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ এএম

আহমেদাবাদের পর দিল্লি টেস্টেও ভারতের সামনে দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শেষ দিনে মাত্র এক ঘণ্টার একটু বেশি সময় ও দুই উইকেট হারিয়ে ১২১ রানের লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের পয়েন্ট দাঁড়ায় ৬১.৯ শতাংশে। অবস্থানের দিক থেকে তারা এখনো তিনেই রয়েছে। এটি  অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারতের প্রথম সিরিজ জয়।

সেইসঙ্গে একই প্রতিপক্ষের বিপক্ষে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে ফেলল। এতদিন এই রেকর্ডের একক মালিকানা ছিল দক্ষিণ আফ্রিকার। তারা ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই একই কীর্তি গড়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ২৭টি টেস্ট ম্যাচে একটিও হারেনি ভারত। সর্বশেষ পরাজয় এসেছিল ২০০২ সালের মে মাসে জ্যামাইকার কিংস্টনে।

অরুণ জেটলি স্টেডিয়াম ভারতের জন্য একপ্রকার ‘অজেয় দুর্গ’ হয়ে উঠেছে। ১৯৯৩ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজ থেকে এই ভেন্যুতে ভারত আর কোনো টেস্ট হারেনি। টানা ১৪ ম্যাচ অপরাজিত আছে, যা হোম ভেন্যুতে ভারতের সবচেয়ে দীর্ঘসময় অপরাজিত থাকার রেকর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত