থানায় বসেই এসপির সঙ্গে কথা বলার সুযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪২ এএম

মৌলভীবাজারে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। ‘আপনার এসপি’ নামে নতুন এই সেবায় জেলার ৭টি থানায় বসেই সরাসরি এসপির সঙ্গে কথা বলতে পারছেন নাগরিকরা। অভিযোগ জানাতে, পরামর্শ নিতে বা ন্যায়বিচার চাওয়ার জন্য এখন আর জেলা সদরে ছুটতে হচ্ছে না তাদের।

জানা গেছে, প্রতিটি থানায় ‘আপনার এসপি’ নামে একটি করে ডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে কনস্টেবল পদমর্যাদার একজন অপারেটর দায়িত্ব পালন করছেন। অফিস সময়ের মধ্যে এই ডেস্কে এসে যে কেউ সরাসরি ভিডিও কলে এসপির সঙ্গে কথা বলতে পারেন। প্রতিদিন জেলার বিভিন্ন থানায় গিয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেছেন।

রুবিনা আক্তার নামে এক গৃহবধূ বলেন, ‘আগে মনে হতো এসপির সঙ্গে দেখা করা মানে অনেক ঝামেলা। এখন থানায় গিয়ে সহজে কথা বলা যায়। আমি আমার পারিবারিক সমস্যার কথা জানিয়েছি, স্যার খুব সহানুভূতির সঙ্গে শুনেছেন।’

কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী বলেন, এসপি জাহাঙ্গীর হোসেনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাধারণ মানুষ সরাসরি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে পারছে। এতে জবাবদিহি যেমন বাড়ছে, তেমনি পুলিশের ভাবমূর্তিও ইতিবাচক হচ্ছে।

এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মানুষের দুর্ভোগ লাঘব ও দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। আশা করি, এ উদ্যোগ সফল হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত