বরিশালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা। তিনি জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
নুসরাত বরগুনার আমতলীর বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নুসরাত বরিশাল নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানিয়েছেন, নুসরাত সবসময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন। তার এমন পরিণতি তারা মেনে নিতে পারছেন না।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘নুসরাত আসলে ভালো ফলই করেছে, তবে হেলথ সায়েন্স বিষয়টি অকৃতকার্য হয়েছে। সে চাইলে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারত। আশানুরূপ ফল না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই মর্মান্তিক।’
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ৬২.৫৭ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৭ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ ৫ সংখ্যা অনেক কম।
