জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলে ভবিষ্যতে এ অভ্যুত্থানকে অস্বীকার করা হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, অভ্যুত্থানের যোদ্ধা ও রাজপথে আন্দোলনকারীদের বিভিন্ন কৌশলে রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হতে পারে।
গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের টুনিরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, ‘আগামীতে ক্ষমতাসীনরা এ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করতে পারে। ৫, ১০ বা ১৫ বছর পরে দেখা যেতে পারে, এ অভ্যুত্থানের যোদ্ধাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এবং নির্বাচিত সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হলে, এ সনদ শুধু একটি কাগজে পরিণত হবে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়সারা মনোভাবের কারণে এনসিপি এ প্রক্রিয়ায় অংশ নেয়নি। প্রধান উপদেষ্টা গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা কোনো প্রতিক্রিয়া জানাননি।’
সারজিস বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ৫ আগস্টের পর থেকে আমরা অনেক ছাড় দিয়েছি, ঘোষণাপত্রেও ছাড় দিয়েছি। কিন্তু ঘোষণাপত্রটি শুধু নামকাওয়াস্তে একটি কাগজ হয়ে আছে, কোনো কার্যকারিতা নেই।’
