সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন তিনদিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব আয়োজন করেছে।
বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ার নিচতলায় এ উৎসবের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন জুলাই শহীদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমদ।
সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক একে আজাদ সরকারের সভাপতিত্বে ও রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মোজাম্মিল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নাসিব ইসলাম অভি, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লালন মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ১০ জন কারুশিল্পীকে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিপণনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া তারুণ্যের উৎসবে থাকবে আলোচনা। লালন মেলায় প্রতিদিন পরিবেশিত হবে দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পীদের পরিবেশনায় লালন সংগীত। অনুষ্ঠান চলবে আগামী ১৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
