বাছাই পেরুনো গেল না এবার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৭ এএম

নারীদের সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের ধারাবাহিকতায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠা হলো না বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দলের। গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে বিধস্ত হয়েছে সাইফুল বারী টিটুর দল। টানা দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে তাইপে। জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার রাতে চাইনিজ তাইপে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া মেয়েরা দ্বিতীয়ার্ধে পারেনি কোনো চমক দেখাতে।

ম্যাচের চতুর্থ মিনিটে রক্ষণচেরা পাসে বাংলাদেশের বিপদসীমায় ঢুকে পড়েন প্রতিপক্ষের এক খেলোয়াড়। তবে সুরভি রানীর দারুণ ট্যাকলে বিপদ হয়নি। কর্নার পায় চাইনিজ তাইপে। ওই কর্নারেই বিপদ ডেকে আনে মেয়েরা। বক্সের ভেতর পেছন থেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের পায়ে মেরে বসেন ডিফেন্ডার সুরভী রানী। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন উ চাই জুয়াং। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী রায়। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চাইনিজ তাইপে। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া ফ্রি কিক শটে গোলমুখের সামনে জালে প্লেসিং করেন চুং উন চেইন।

দুই মিনিট পর বাংলাদেশের দুর্ভাগ্য। মামনি চাকমার ক্রসে জালে বল ঠেলেন প্রীতি। তবে অফসাইডের কারণে গোল পায়নি বাংলাদেশ। বিরতির পর চাইনিজ তাইপে আরও তিন গোল করে। এতেই বিদায় নিশ্চিত হয় অর্পিতা বিশ্বাসদের। এই আসরে প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত