রাজধানীতে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে মেট্রোরেল চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে। এতদিন ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এ ছাড়া সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চালু হতো বিকেল ৩টায়। এখন থেকে সেটি চালু হবে বেলা আড়াইটায়। গত বুধবার মেট্রোরেল নির্মাণ-পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ট্রেন চলাচলে সময় বাড়ানোর বিষয়টি জানায়।
×
