এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল ১৫ শতাংশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম

টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দুই ধাপে এ অর্থ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগির বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরার বলেন, ‘শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষকরা আরও বেশি সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা প্রয়োজন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই পথটা সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক ও অভিযোগ সবকিছুই ছিল। তবে কোনো বিতর্কের উত্তর না দিয়ে মন্ত্রণালয় ক্রমাগত একটি ন্যায্য ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে। নেপথ্যে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সহযোগিতা করেছেন যেন শিক্ষকদের দাবি শোনা ও বোঝা যায়।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এটি কোনো একক ব্যক্তির জয় নয়, বরং যৌথ সাফল্য। শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে, এবং সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ ও সমঝোতা জিতেছে। এখন সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর, আমাদের মূল কাজের জায়গায় ফিরে যাওয়ার।’

তিনি আরও বলেন, ‘আজকের এই সমঝোতা হোক পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর নতুন সূচনা। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও গুণগত শিক্ষার বিস্তার ঘটিয়ে আমরা বাংলাদেশকে মর্যাদাসম্পন্ন একটি স্থানে নিয়ে যেতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত