তিন প্রতিপক্ষই ধারে-ভারে এগিয়ে অনেকটা। তারপরও নিজেদের সর্বোচ্চটা দিয়ে বসুন্ধরা কিংস চাইবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে। তাই শক্তি বাড়িয়ে মঙ্গলবার কুয়েতে গিয়েছে বাংলাদেশের অন্যতম সফল দলটি। ধারে তিন বিদেশিকে দলে নিয়েছে তারা। ফর্টিস এফসির তিন বিদেশিকে সঙ্গে নিয়ে তারা দেশ ছেড়েছে।
পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েত গিয়েছে এশিয়ার
তৃতীয় স্তরের ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বসুন্ধরা আন্তর্জাতিক ক্লাব আসরে বাংলাদেশের ঝা-া ওড়াতে চলেছে। এর আগে চারবার তারা এএফসি কাপের গ্রুপপর্বে অংশ নেয়। গত বছর নতুন ফরম্যাটে চালেঞ্জ লিগে খেলে। তবে কখনই তারা পরের ধাপে যেতে পারেনি। দলটির অধিনায়ক তপু বর্মণের বিশ্বাস অতীতের আক্ষেপ ভুলে ধাপে ধাপে তারা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। যদিও কাজটা মোটেই সহজ হবে না। কারণ বসুন্ধরাকে পরীক্ষা দিতে হবে ওমান, লেবানন ও স্বাগতিক কুয়েতের সেরাদের কাছে।
গত বছর চ্যালেঞ্জ লিগের প্রথম আসরে গ্রুপ পর্বে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল বসুন্ধরার। ভারতের ইস্ট বেঙ্গল, ভুটানের পারো এফসি ও লেবাননের নেজমেহ এফসির কাছে হারতে হয়েছিল তাদের। এবার অবশ্য প্রিলিমিনারি প্লে-অফে তারা সিরিয়ান চ্যাম্পিয়ন আল-কারামাহকে হারিয়ে গ্রুপ পর্বে নাম লেখায়। তপু বলেন, ‘আমরা নতুন আর্জেন্টাইন কোচের অধীনে ভালো প্রস্তুতি নিয়েছি। ঘরোয়া ও প্রস্তুতি মিলিয়ে মোট ৭ ম্যাচে অপরাজিত থাকার অনুপ্রেরণা নিয়েই কুয়েত যাচ্ছি।' আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ যাওয়ার আগে ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন, ‘ছেলেরা কয়েক মাস ধরে চ্যালেঞ্জ লিগের জন্য কঠোর পরিশ্রম করছে। যদি তারা তাদের সেরাটা দিতে পারে, মাঠে কিছু একটি ভিন্ন দৃশ্য দেখা যেতে পারে।’
পশ্চিম জোনের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন তিনটি দল এবং সেরা রানার্সআপ একটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে সেক্ষেত্রে কিংসের সামনে সুযোগ রয়েছে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অথবা সেরা রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার। এই অভিযানে কিংস প্রথম ম্যাচে ওমানের আল সাইব ক্লাবের সঙ্গে ২৫ অক্টোবর খেলবে। ২৮ অক্টোবর তাদের প্রতিপক্ষ লেবানিজ জায়ান্ট আল-আনসার এফসি। আর ৩১ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক কুয়েত স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেরারা। এই অভিযানে দলীয় শক্তি বাড়াতে বসুন্ধরা ফর্টিস এফসি থেকে ধার করেছে দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ওকাফোরকে।
এএফসি চ্যালেঞ্জ লিগে এবার খেলারই কথা ছিল না বসুন্ধরা কিংসের। এ আসরের প্রিলিমিনারি প্লে-অফে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে একটা জায়গা ছিল। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এএফসি ক্লাব লাইসেন্সিং না করায় সেটা পেয়েছিল লিগ রানার্সআপ আবাহনী। পরে দক্ষিণ এশিয়ার অন্য দুটি দেশ ক্লাব লাইসেন্সিং না থাকায় বাংলাদেশ আরেকটি কোটা পায়। তখন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে সুযোগ পেয়েই বাজিমাত করে বসুন্ধরা কিংস।
