পুরস্কার পেতে দুদিন আগেই মাঠে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম

ফুটবলের ফাইনাল খেলা দেখতে যে দর্শক সবার আগে মাঠে আসবে, তাকে দেওয়া হবে একটি মোবাইল ফোন এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘোষণার পরেই নাটোরের সিংড়া উপজেলার সোনাইখাড়া গ্রামের আবুল হোসেন খেলা শুরুর দুদিন আগে টাঙ্গাইলের সখীপুরে হাজির হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টায় সখীপুরের কাঁকড়াজান ইউনিয়নের হামিদপুর ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কিন্তু আবুল হোসেন পৌঁছেছেন গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। প্রথম দর্শক হিসেবে গ্যালারিতে বসে পড়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, হামিদপুর ডিজিটাল ক্লাব ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ড নিয়ে ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত ৪ অক্টোবর থেকে খেলা শুরু হয়। ফাইনালে মুখোমুখি হবে ২ নম্বর বনাম ৫ নম্বর ওয়ার্ডের ফুটবল দল।

আয়োজক হামিদপুর ডিজিটাল ক্লাবের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মণ্ডল বলেন, ‘প্রথম দর্শকের পুরস্কার জিততে আবুল হোসেন প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুদিন আগে এসে হাজির হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে।’

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি ফাইনাল শেষে আবুল হোসেনের হাতে মোবাইল ফোন পুরস্কার তুলে দেবেন বলে জানান আয়োজকরা।

আবুল হোসেন বলেন, ‘আমি ফুটবল ভক্ত একজন মানুষ। দূরে গিয়েও খেলা দেখতে ভালোবাসি। তাই পুরস্কার নিশ্চিত করতে দুদিন আগেই চলে এসেছি।’

স্থানীয় গণমাধ্যমকর্মী ইসমাইল হোসেন বলেন, ‘আমরা আবুল হোসেন ভাইকে অভিনন্দন জানিয়েছি। তার দুই রাতের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। তাকে ঘিরে এলাকা জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। কেউ ছবি তুলছে, কেউ চা নাস্তা খাওয়াচ্ছে। এমন দর্শক সত্যিই বিরল।’    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত