টেকনাফ

এক যুগেও দুই যুবদলকর্মী হত্যার বিচার হয়নি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাওয়ার পথে যুবদলের দুই কর্মীকে নির্মমভাবে হত্যার আজও বিচার পাইনি বলে মন্তব্য করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে উপজেলার রঙ্গীখালী এলাকায় শহীদ শাহ জালাল ও ছৈয়দুল আমিনের ১৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে তিনি বলেন, টেকনাফে শাহ আলমরা বিএনপির নির্যাতিত পরিবার। তাদের এখনো মামলা দিচ্ছে প্রশাসন। প্রশাসনকে দ্রুত তদন্তপূর্বক হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, রঙ্গীখালীতে শাহ আলমের দুই ভাইকে আওয়ামী আমলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বর্তমানেও তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হচ্ছে, তা দ্রুত তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে যুবদলের দুই কর্মী শহীদ শাহ জালাল ও ছৈয়দুল আমিনকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা।

নিহতদের ভাই শাহ আলম বলেন, আমার দুই ভাইকে হত্যার আগে পানি চাইলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পানি দেয়নি। জানাজার মাইকিংয়ের গাড়ি পর্যন্ত পুলিশ আটকে দিয়েছিল। এমনকি কবরস্থানে দাফনে বাধা দিয়েছিল। তখন হত্যা মামলাও নেয়নি থানা পুলিশ। পরে তারা আদালতে মামলা করেন।

এদিকে নুরুল আলম ও সৈয়দ আলম নামে আরও দুই ভাইকে ক্রসফায়ারে নির্মমভাবে হত্যা করে।

আলোচনা ও দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি চারবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহ জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ অসংখ্য নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত