এল ক্লাসিকোয় হাসবেন এমবাপ্পে না ইয়ামাল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ এএম

এল ক্লাসিকো মানেই আগুনে লড়াই। গেল মৌসুমে প্রতিযোগিতামূলক চার ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চারটিতেই হারে রিয়াল মাদ্রিদ। ২৪-২৫ মৌসুম শুরুর আগে এই দুদলের এক প্রীতি ম্যাচেও হেরেছিল রিয়াল। সেটি ধরলে শেষ ৫ দেখায় বার্সার বিপক্ষে জয়হীন লস ব্লাঙ্কোসরা। এবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কী হবে? আজ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথেয়তা দেবে বার্সাকে। এবারের এল ক্লাসিকোতে লড়াইয়ের মধ্যে লড়াইও আছে বেশ। লামিন ইয়ামাল না কিলিয়ান এমবাপ্পে, মার্কাস রাশফোর্ড না জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র নাকি ফেরান তোরেস? কারা জ্বলে উঠবেন, এল ক্লাসিকোয় ফলাফল নিধারণ করবেন কে, সেই হিসাব কষছেন ভক্ত ও বিশ্লেষকরা।

লিগ টেবিলে ৯ রাউন্ড শেষে ২৪ পয়েন্টে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ২২ পয়েন্টে আছে দুইয়ে। 

এ মৌসুমে রিয়াল-বার্সার দলীয় সাফল্যের অনেকটাই নির্ভর করছে এমবাপ্পে ও ইয়ামালের ওপর। এমনকি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের দৌড়েও একে অপরকে টেক্কা দিতে হবে। এমবাপ্পে বিশ্বকাপজয়ী ফুটবলার। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর এখনো অধরা। আর ইয়ামালকে ধরা হয় এ সময়ের সবচেয়ে সৃষ্টিশীল ফুটবলারদের একজন হিসেবে। এবার লিগে ৯ ম্যাচে ১০ গোল করে এমবাপ্পে আছেন গোলদাতা তালিকার শীর্ষে। ইয়ামাল চোটের কারণে ম্যাচ কম খেলতে পেরেছেন। তিনি ৫ ম্যাচে করেন ২ গোল। তবে ইয়ামাল ৫ ম্যাচেই করেছেন ৪ অ্যাসিস্ট। এমবাপ্পে করেছেন মাত্র দুটি অ্যাসিস্ট। বড় ম্যাচের আগে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পরিসংখ্যান দিয়ে বিবেচনা করার সুযোগ কমই। তাই শেষ পর্যন্ত এমন দ্বৈরথে কাউকে এগিয়ে রাখা যায় না।

বেলিংহ্যাম খেলেন মিডফিল্ডে আর রাশফোর্ড আক্রমণভাগে। তবে তাদের দ্বৈরথের কথাটা চলে আসছে তারা দুজনই ইংলিশ ফুটবলার হওয়ায়। বেলিংহ্যাম রিয়ালের হয়ে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। এই মৌসুমে বার্সার হয়ে খেলছেন রাশফের্ড। আগের মৌসুমে এল ক্লাসিকোর শুরুতে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস ও রাফিনহাকে নিয়ে উন্মাদনা ছিল বেশ। এবারের এল ক্লাসিকোতে এমন হিসেবে থাকতে পারতেন রাফিনহা। তবে এই ব্রাজিলিয়ানকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনার। গেল সেপ্টেম্বরের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল এল ক্লাসিকো দিয়ে মাঠে ফিরবেন। তবে অনুশীলনের সময় অস্বস্তি বোধ করায় তার খেলা হচ্ছে না রিয়ালের বিপক্ষে। বার্সেলোনার আরেক স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও আছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে।

রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম বলেন, ‘আমার এরই মধ্যে বার্সেলোনার বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলা হয়েছে। ভালো, খারাপ দুই অভিজ্ঞতাই আছে। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলে বিশ্বাস তৈরি হয় যে মৌসুমটা ভালো কাটবে। এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ।’

প্রতিযোগিতামূলক ম্যাচে এল ক্লাসিকোতে গোল হবে এমনটি বলাই যায়! এই দুই দলের কোনো ম্যাচ সবশেষ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে ২০১৯ সালের ডিসেম্বরে। তবে পরিসংখ্যান বা অতীত ইতিহাস দিয়ে তো আর মাঠের খেলা হয় না। রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেন, ‘এল ক্লাসিকো সব সময়ই বিশেষ। এই মৌসুমে এটি প্রথম এল ক্লাসিকো। আমি চাই স্টেডিয়াম পরিপূর্ণ থাকুক যেন আমরা সমর্থকদের নিয়ে উদযাপন করতে পারি। আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে।’ গেল মৌসুমের এল ক্লাসিকোতে কী হয়েছে সেটি মাথায় রাখতে চান না আলোনসো। ‘এটি ভিন্ন সময়, আমরা (কোচেরা) মাত্রই নতুন করে শুরু করেছি। আমরা নিজেদের সামর্থ্য দিয়ে খেলে ম্যাচটা জিততে চাই।’

কোচ হান্সি ফ্লিক লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে দুই হলুদ কার্ড (লাল কার্ড) দেখেছিলেন। তাতে আজ গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে ডাগআউটে থাকবেন না তিনি। বার্সেলোনায় ফ্লিকের সহকারী কোচ মার্কাস সর্গ পালন করবেন দায়িত্ব। সংবাদ সম্মেলনে এল ক্লাসিকো নিয়ে সর্গ বলেন, ‘কঠিন একটি ম্যাচ হবে। তবে আমাদের সামর্থ্যও দেখাতে হবে। আমাদের ম্যাচ জুড়ে ভালো খেলতে হবে, হাই প্রেস করতে হবে। আমরা যদি কোনো কিছু পরিবর্তন করি সেটি উপকারে আসবে না।’ তিনি আরও বলেন, ‘এল ক্লাসিকো সব সময়ই ৫০-৫০ ম্যাচ। যে দল ভালো খেলবে তারাই জিতবে। বার্নাব্যুতে আমাদের জিততে হলে বল পজিশন হারানো যাবে না। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে নিয়ে বার্সার সহকারী কোচ বলেন, ‘আমরা সব সময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়ুস ও এমবাপ্পের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত