কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির একাধিক দল। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন ফেনীর দাগনভ্ঞূার ছাত্রলীগ নেতা একরাম হোসেন, আদনান পিপুল, সজীব রহিম পলক ও সাকের আলম এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন, ওয়ারীর মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন রহমানসহ তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্ণব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং থেকে একরাম হোসেন, আদনান পিপুল, আসিবুল হক অর্ণব, সজীব রহিম পলক ও সাকের আলম গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। গাবতলী থেকে জহুরুল ইসলামকে ডিবি রমনা এবং যাত্রাবাড়ী থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। এ ছাড়া ইয়াসমিন রহমানকে টিকাটুলি থেকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল এবং সংগঠিত হওয়ার কার্যক্রমে সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল। গতকাল আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এদিকে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। মোহাম্মদপুরকে অপরাধপ্রবণ এলাকা বিবেচনা করে বিশেষ অভিযান পরিচালনা করে থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিনব্যাপী অভিযানে মোহাম্মাদপুর এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
