তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গত সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে অনুভূত হয় ভূমিকম্প। তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয় কম্পন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল সিন্দির্গিতে। এরপর থেকে বালিকেসির অঞ্চলে নিয়মিত ছোট আকারের কম্পনের খবর পাওয়া যায়। ২০২৩ সালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়।
