মানিকগঞ্জের সিংগাইরে হাফেজ ওবায়দুল্লাহ (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধল্লা গ্রামের মোশারফ ডাক্তার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর মোবাইল ফোনে ভুক্তভোগীর পরিবারের কাছে ৭ লাখ টাকা ও স্বর্ণালংকার মুক্তিপণ দাবি করছে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সাভারে মোকামের উদ্দেশ্যে বের হন ওবায়দুল্লাহ। এ সময় আব্দুল আজিজের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল গাড়িতে করে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। অভিযুক্ত আব্দুল আজিজ (৫০) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রহিতপুর গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বাদী হয়ে আব্দুল আজিজের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন। সিংগাইর থানার এসআই মো. ফজলার বলেন, ‘অপহৃত ব্যক্তিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’
