রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কাটল ভ্যাপসা গরম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম

রাজধানীতে গত কয়েকদিন ধরেই চলছিল ভ্যাপসা গরম। এই গরমে বুধবার রাতে শান্তির বার্তা নিয়ে এলো মুষলধারে বৃষ্টি। এদিন রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। পুরান ঢাকা, দয়াগঞ্জ, টিকাটুলি, পল্টন, গুলিস্তান, শাহবাগ, বাংলামোটরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে রাজধানীতে কিছুটা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। 

যদিও এই সময়ের আবহাওয়া বলে হালকা হালকা ঠাণ্ডা পড়বে এখন। কিন্তু কয়েক দিনের আবহাওয়ায় সেটা দেখা যাচ্ছিল না। দিনভর চলছিল ভ্যাপসা গরম। বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দুপুরে কয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, বুধবার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও ঘনীভূত হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মাত্রা বাড়বে এবং তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত